গাড়িতে ব্যবহৃত চীনা সফটওয়্যার, হার্ডওয়্যারে নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র

২২ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:৪০  

সাধারণ ও চালকবিহীন গাড়িতে সংযুক্ত চীনা সফটওয়্যার ও হার্ডওয়্যারের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার এই নিষেধাজ্ঞা প্রস্তাব পেশ করতে পারেন যুক্তরাষ্ট্রের কমার্স ডিপার্টমেন্ট। দুইটি সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, আমেরিকার সড়কে চলাচলকারী এসব গাড়ি দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। একারণে গাড়িতে ব্যবহৃত সফটওয়্যার ও হার্ডওয়্যারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

বাইডেন প্রশাসন ইতিমধ্যেই চীনা কোম্পানিগুলো কর্তৃক যুক্তরাষ্ট্রের চালক ও অবকাঠামোর তথ্য সংগ্রহ নিয়ে নিরাপত্তা ঝুঁকির প্রশ্ন তুলেছে। ইন্টারনেট ও নেভিগেশন সিস্টেমের সাথে যুক্ত গাড়িতে বৈদেশিক হস্তক্ষেপের সম্ভাবনাকে বিবেচনায় নিচ্ছেন তারা।

প্রস্তাবিত নিষেধাজ্ঞা পাশ হলে চীন থেকে আমদানিকৃত ও ক্রয় করা গাড়ি এবং কমিউনিকেশন ও অটোমেটেড ড্রাইভিং সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যার নিষেধাজ্ঞার মধ্যে পড়বে।

এ বিষয়ে প্রকাশ্যে কিছু না বলায়, সূত্রগুলো তাদের পরিচয় প্রকাশ করেনি।

নতুন এই উদ্যোগের ফলে চীনা গাড়ি, সফটওয়্যার ও যন্ত্রাংশের উপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ আরও জোরালে হবে বলে মনে করা হচ্ছে। গত সপ্তাহে চীন থেকে আমদানিকৃত গাড়ি, ইভি ব্যাটারি, মিনারেলস ইত্যাদির উপর শতভাগ করারোপ করেছে যুক্তরাষ্ট্র।

ডিবিটেক/বিএমটি